Views Bangladesh Logo

কাল সারাদেশে জমায়েত করবে আওয়ামী লীগ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকাসহ সব মহানগর ও ইউ‌নিয়ন পর্যায়ে নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত, সকল জেলা ও মহানগরে কর্মী জমায়েত কর্মসূচি পালন করা হবে।

এছাড়া সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে আওয়ামী লীগ।

শ‌নিবার (৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, “বিভেদ নয়, ঐক্যে আমরা বিশ্বাসী। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, প্রগতিতে বিশ্বাস করেন তাদের ঐক্যবদ্ধ প্রয়াস চাই। সাধারণ শিক্ষাথীদের জিম্মি করে দেশের গণতন্ত্র, উন্নয়ন, অর্জনকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের প্রতিহত করতে গণতন্ত্র, মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকলের সম্মিলিত প্রয়াস আহবান করছি।”

ওবায়দুল কাদের বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা বিভিন্ন গুজব অপপ্রচার চালাচ্ছে। দেশবিরোধী একটি মহল পরিস্থিতি জিইয়ে রেখে ফায়দা লুটতে চায়, দেশকে অকার্যকর ও খাদের কিনারায় নিয়ে যেতে চায়। এই অশুভ শক্তির অশুভ তৎপরতা সফল হতে দিতে পারি না। শিক্ষার্থীদের কাছে দায়িত্বশীল আচরণ কামনা করি। কোনো পক্ষকে বাদ দিয়ে নয় বরং সকলের সম্মিলিত চেষ্টায় এগিয়ে যাবে বাংলাদেশ।”

শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয় এমন কোনো প‌রি‌স্থি‌তিতে যাবে না আওয়ামী লীগ জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘাতে না যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আহমদ হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় অন্যান্য নেতারা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ