ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া
সিডনি টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। এর আগে চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
আগামী ১১ জুন থেকে ইংল্যান্ডের লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। শুধু ফাইনালই নিশ্চিত নয়, সিডনিতে পঞ্চম ও শেষ টেস্ট জিতে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফিও নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। অন্যদিকে সিডনি টেস্টে হেরে যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের উঠার স্বপ্ন অধরাই থেকে গেল ভারতের।
সিডনিতে মাত্র তিন দিনে ভারতকে হারিয়ে দারুণ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় দিন জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়লেও ট্রাভিস হেড ও অভিষিক্ত ওয়েবস্টারের ব্যাটে ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা (১৬২/৪)।
দিনের শুরুতে ৬ উইকেটে ১৪১ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ভারতের বাকি ৪ উইকেট যোগ করে মাত্র ১৬ রান। ফলে তাদের দ্বিতীয় ইনিংস ১৫৭ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড ম্যাচজুড়ে দুর্দান্ত বোলিং করে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট এবং প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে মোট ১০ উইকেট শিকার করেন। এ পারফরম্যান্সে তিনি ম্যাচ সেরার পুরস্কার জেতেন।
অন্যদিকে ভারতের বোলাররা অল্প রানের পুঁজি নিয়েও লড়াই জমিয়ে তুলেছিলেন। ১০ ওভারের মধ্যেই দলীয় ৫৮ রানে ৩ উইকেট তুলে নেন প্রসিদ্ধ কৃষ্ণ। তবে হেড (৩৪*) ও ওয়েবস্টার (৩৯*) দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করেন। সিরিজে অসাধারণ পারফরম্যান্সের জন্য সিরিজ সেরার পুরস্কার জিতেছেন জাসপ্রিত বুমরা। তিনি নিয়েছেন ৩২ উইকেট।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে