যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৬, বিদ্যুৎহীন হাজারও মানুষ
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বিদ্যুৎহীন হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। মার্কিন কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি উদ্ধার পরিষেবার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার বিকেলে টেনেসিতে প্রচণ্ড ঝড় ও টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
টেনেসির মন্টগোমারি কাউন্টি এক ফেসবুক পোস্টে বলেছে, ‘শনিবার বিকেলে আঘাত হানা টর্নেডোয় তিনজন নিহত হয়েছেন। দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু। এ ছাড়া ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’
ন্যাশভিল শহরে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ন্যাশভিল অফিস অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।
বিদ্যুৎবিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ারআউটেজের তথ্যানুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত টেনেসির ৮০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিলেন।
মন্টগোমারি কাউন্টির মেয়র ওয়েস গোল্ডেন এক বিবৃতিতে বলেছেন, ‘এটি আমাদের সম্প্রদায়ের জন্য একটি দুঃখজনক দিন। যারা আহত হয়েছেন, প্রিয়জন হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন, তাদের জন্য আমরা প্রার্থনা করছি।’
জরুরি পরিষেবার কর্মকর্তারা মানুষজনকে রাস্তা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। কারণ জরুরি পরিষেবাগুলো বিভিন্ন এলাকায় সাড়া দিচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে