Views Bangladesh Logo

বিদেশে গিয়ে ফেরেননি ৪০ জনের বেশি চিকিৎসক: স্বাস্থ্য উপদেষ্টা

দেশের বাইরে গিয়ে ৪০ জনেরও বেশি চিকিৎসক আর দেশে ফিরে আসেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ‘বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস’ পালন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

দেশের বাইরে গিয়ে ফিরে না আসার প্রবণতাকে দরিদ্র দেশের জন্য অপচয় উল্লেখ করে নূরজাহান বেগম বলেন, এখন পর্যন্ত আমার কাছে যে তালিকা আছে তাতে ৪০ জনের বেশি দেশের বাইরে গিয়ে আর ফেরেননি। তাদের কয়েকবার চিঠি দিয়েও কাজ হয়নি। তাই দেশে ফেরার শর্ত সাপেক্ষে বিদেশে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর শিক্ষার জন্য যেতে পারবেন ডাক্তাররা।

ডাক্তারদের প্রশিক্ষণ বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সত্যিই খুব খুশি হবো যদি ডাক্তারদের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করতে পারি। আমি চাই আমাদের ডাক্তাররা যতভাবে সম্ভব যে কোনো বিষয়ে যাতে প্রশিক্ষণ নিতে পারে এবং সেই শিক্ষাটা যাতে দেশেই থাকে। এতে এ দেশের মানুষ উপকার পাবে।

তিনি বলেন, আমি মন্ত্রণালয়ের সভা বিবরণীতে দেখেছি সেখানে বলা আছে ২-৩ দিনে আসলে কোনো প্রশিক্ষণ হয় না। কথাটা কিন্তু সত্য। তিন দিনের জন্য গিয়ে ডাক্তাররা কি প্রশিক্ষণ নেবেন? তিন দিনের প্রোগ্রামে সভা-সিম্পোজিয়াম হতে পারে। তবে আমি মনে করি ট্রেনিংয়ের সময় আরও বাড়ানো উচিত। আমরা যাতে হাতে-কলমে বিষয়গুলো শিখতে পারি সেসব বিষয়গুলো ট্রেনিংয়ে যাতে থাকে। দীর্ঘ ট্রেনিংয়ে আমার কোনো আপত্তি নেই। সেটা এক সপ্তাহ হোক দুই সপ্তাহ হোক।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ডিমেনশিয়ার এবং মুভমেন্ট ডিসঅর্ডার নিয়েও আমাদের দেশ থেকেই গবেষণা হওয়া উচিত।

সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের আহ্বায়ক ডাক্তার এম এ হান্নানের সভাপতিত্বে উদ্বোধনী সেশনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর, ন্যাশনাল ইনিস্টিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক প্রফেসর কাজী দীন মোহাম্মদ, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের সদস্য সচিব ডা. মোহাম্মদ নাজমুল হুদা প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ