গাজায় স্কুলে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২৮
গাজা উপত্যকায় একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, বৃহস্পতিবার গাজার দেইর আল-বালাহ শহরে একটি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েল সেনাবাহিনী। পরে এ ঘটনায় নিহতদের মরদেহ আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়।
ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তাদের মতে, ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৮ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছে।
ইসরায়েল সেনাবাহিনীর দাবি, তারা জঙ্গিদের লক্ষ্য করে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া একটি স্কুলে হামলা চালায়।
সেনাবাহিনী আরও জানায়, ‘হামলার আগে সুনির্দিষ্ট গোলাবারুদ ব্যবহার, আকাশ থেকে নজরদারি এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্যসহ বেসামরিক নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে অসংখ্য পদক্ষেপ নেওয়া হয়েছিল।
এর আগে এই সপ্তাহের শুরুতে গাজার উত্তরাঞ্চলে হামাসের বিরুদ্ধে বড় ধরনের বিমান ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল সেনাবাহিনী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে