Views Bangladesh Logo

ধর্ম অবমাননার অভিযোগে সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে ওএসডি

 VB  Desk

ভিবি ডেস্ক

র্ম অবমাননার অভিযোগে নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৫ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে ওএসডি হিসেবে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত থাকতে হবে।

ধারণা করা হচ্ছে, হেফাজতে ইসলামের দাবির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংগঠনটির অভিযোগ, নাদিরা ইয়াসমিন ইসলামবিরোধী বক্তব্য দিয়েছেন এবং কোরআনের আইনের বিরোধিতা করেছেন।

তাদের ভাষায়, ‘একজন ইসলামবিরোধী শিক্ষক কীভাবে এখনো নরসিংদীতে অবস্থান করছেন, তা আমাদের ইমানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’

এর আগে, ধর্ম অবমাননার অভিযোগ তুলে হেফাজতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। একইসঙ্গে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে নাদিরা ইয়াসমিনকে অপসারণ এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের ১৪৭ জন বিশিষ্ট নাগরিক গত ২৪ মে এক যৌথ বিবৃতি দিয়ে নাদিরা ইয়াসমিনের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যারা তাকে হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এ ছাড়া জানা গেছে, নিরাপত্তা চেয়ে নাদিরা ইয়াসমিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী এক বিবৃতিতে অবিলম্বে নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা বদলির আদেশ বাতিলের দাবি জানানো হয়। একইসঙ্গে তার বিরুদ্ধে যেসব সাম্প্রদায়িক অপতৎপরতা চলছে, তা রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ