Views Bangladesh Logo

আমরা এবার যদি ব্যর্থ হই, বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে: আইন উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন পর্যায়ের মানুষের অবদান ও অংশগ্রহণের কথা তুলে ধরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘তারা আমাদের কি ভয়াবহ ফ্যাসিস্টদের হাত থেকে রেহাই দিয়েছে, আজকে ব্যর্থ হলে আমাদের কী অবস্থাটা হতো? এটা যেন আমরা মনে রাখি। আজকে যদি আবারও ব্যর্থ হই তাহলে সেই অবস্থাই হবে। আমাদের কাছে ভয় লাগে আমরা এবার যদি ব্যর্থ হই, বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে, তা না হলেও অবস্থা কাশ্মীরের কাছাকাছিতে পরিণত হবে। আমরা যেন এই বিষয়টি মনে রাখি।’

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘স্মৃতির মিনার: গণভ্যুত্থান ২০২৪’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমাদের একটি প্রতিবেশী দেশের স্ক্রিপ্ট আছে না? শেখ হাসিনা চলে গেলে দেশ আর কেউ চালাতে পারবে না। অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে। তার (শেখ হাসিনার) কোন বিকল্প নেই। ওই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ, তা না হলে তাদের কি স্বার্থ? বিগত প্রায় ১৬ বছরে আওয়ামী লীগ সরকার কি করেছে? আমাদের পরামর্শ দেন আমরা কি করব।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে যদি আরও সমর্থন করেন, ঠিকমতো গাইড করেন, এই সরকার যদি সফল হয় তবেই ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যার্বতনের স্বপ্নকে ধূলিসাৎ করতে পারব। জুলাই-আগস্টে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মদানের মিনিমাম একটা মূল্যায়ন করতে পারব। তাদের প্রত্যাশাকে এগিয়ে নিতে পারব।’

একইসঙ্গে ছাত্র-জনতার অভ্যুত্থান কোনভাবেই যাতে ব্যর্থ না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আইন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘আমাদের স্বপ্ন হচ্ছে, বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে স্বাধীন, সার্বভৌম ও গর্বিত জাতি হিসেবে গড়ে তোলা। যে অর্থে ছেলেরা আত্মদান (শহিদ) করেছেন, যে অর্থে আত্মদান করেছেন সাধারণ মানুষ। আমরা যখন চলে যাবো, আমাদের মনে যেন আফসোস না থাকে, যে দায়িত্বটা নিয়েছি কাজটা করি নাই। সেজন্যই সবাই দোয়া করবেন। সবাই যেন একসাথে থাকি এবং যারা আত্মহুতি দিয়েছেন, আহত হয়েছেন তাদের আত্মদানকে মূল্যায়ন করতে পারি।’

আসিফ নজরুল বলেন, ‘আমরা যদি নিজেরা নিজেরা ঝগড়া ঝাটি করি, কুৎসা রটাই, চরিত্র হনন করি, মিথ্যা তথ্য দেই তাহলে তো আমাদের ছাত্র জনতার যে অত্মবলিদান তার প্রতি অশ্রদ্ধা জানানো হবে। কারো প্রতি অভিযোগ না, সবার প্রতি অনুরোধ প্লিজ সত্য জানার চেষ্টা করুন। এই মিথ্যা দোষারোপ পরাজিত ফ্যাসিস্টদের অস্ত্র ছিল। সেটা কেন আমরা বহন করব। আমাদের অস্ত্র থাকবে সত্য ও ঐক্য। শোষণ ও বৈষম্য মুক্ত।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাজের সমালোচনা করবেন ঠিক আছে। যখন ব্যক্তিগত চরিত্র হনন করবেন তখন মনে হয় সমালোচনাটা অসৎ উদ্দেশ্যে করা, এই সরকারকে শক্তিহীন করা। আন্দোলনকারী মানুষের মাঝে অনৈক্য নিয়ে আসা, দেশকে অস্থিতিশীল করা, পরাজিত শক্তির হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে।’

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, লেখক ও সম্পাদক রাখাল রাহা, কবি ও একটিভিস্ট ফেরদৌস আরা রুমী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি ও পরিচালনা পরিষদের পরিচালক মো. ফজলুল হক ও নূরে আলম মাসুদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বক্তব্য রাখেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ