Views Bangladesh Logo

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সুমন মিয়া (৩২)। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

এ বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গতকাল সাভার থেকে শিশু ও নারীসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল। এদের মধ্যে সুমন মিয়া নামে আরও একজন আইসিইউতে মারা গেছেন। তার শরীরে ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে ভোরে শিউলি আক্তার নামে আরও একজন মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ওই ঘটনায় এখনো ছয়জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শারমিনের ৪২ শতাংশ দগ্ধ, সোয়ায়েদের ২৭ শতাংশ দগ্ধ, মনির হোসেনের ২০ শতাংশ দগ্ধ, মাহাদীর ১০ শতাংশ দগ্ধ, ছাকিনের ১৪ শতাংশ, সোহেলের ১০ শতাংশ, সুরাইয়ার ৯ শতাংশ, সূর্য বানুর ৭ শতাংশ ও জহুরা বেগমের শরীরের ৫ শতাংশ দগ্ধ রয়েছে।

উল্লেখ্য, শনিবার রাতে সাভারের আশুলিয়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন-সূর্য্য বানু (৪৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৫), সোহেল (৩৮), সুমন মিয়া (৩২), শিউলি আক্তার (৩২), শারমিন (৩৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও সুরাইয়া (৩)।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ