আশুগঞ্জ-আখাউড়া চার-লেন মহাসড়কের নির্মাণ কাজ আবার শুরু
প্রায় ৩ মাস বন্ধ থাকার পর আশুগঞ্জ-আখাউড়া চার-লেন মহাসড়কের অবশিষ্ট নির্মাণ কাজ আবারও শুরু হয়েছে।
প্রকল্পটি পরিচালনার দায়িত্বে থাকা ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা ফিরতে শুরু করার ফলে চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে মহাসড়কটির বেহাল অংশের সংস্কার কাজ শুরু হয়।
এছাড়া, মহাসড়কের ঘাটুরা এলাকায় সেতুর নির্মাণ কাজও চলমান রয়েছে।
চার-লেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক মো. শামীম আহমেদ বলেন, "ইতোমধ্যে প্রায় ৩০ জন ভারতীয় কর্মকর্তা-কর্মচারী প্রকল্প এলাকায় ফিরেছেন। আপাপত সংস্কার কাজ চলছে"
তিনি জানান, সংস্কার কাজ শেষ করে পাথরসহ অন্যান্য উপকরণ আমদানির পর মহাসড়কের অবশিষ্ট অংশের নির্মাণ কাজ পুরোদমে শুরু হবে। সেক্ষেত্রে, প্রকল্পের মেয়াদ আরও বাড়ানো হতে পারে।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তাজনিত কারণে গত ৫ আগস্টের পর কয়েক ধাপে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারী ভারতে চলে যান। এতে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে