হোটেলকর্মী হত্যা মামলায় আসাদুজ্জামান, মাহবুব আলী কারাগারে প্রেরণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হোটেলকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৬ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান তাদেরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিদের জামিন চান তাদের পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ভিকটিম হোটেলকর্মী সিয়াম সরদার (১৭) ঢাকার মিরপুরের হোটেল রাব্বানীতে চাকরি করতেন। গত ১৮ জুলাই বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে ডিউটি শেষে বাসায় যাওয়ার পথে মিরপুর-১০ নম্বরে গুলিতে আহত হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়াম সরদারকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর তার বাবা সোহাগ সরদার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৪ জনকে আসামি করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে