উপহার গ্রহণ নিয়ে পুরনো মন্তব্য ঘিরে আলোচনায় আনুশকা শর্মা
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার একটি পুরনো সাক্ষাৎকারের মন্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিয়ে ও মাতৃত্বের পর অভিনয় থেকে অনেকটাই দূরে থাকা এই তারকা বর্তমানে পরিবার নিয়েই বেশি সময় কাটাচ্ছেন।
ক্যারিয়ারের ব্যস্ত সময়ে দেওয়া ওই সাক্ষাৎকারে উপহার গ্রহণ নিয়ে নিজের ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করেছিলেন আনুশকা। তিনি জানান, পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার গ্রহণে তিনি স্বস্তিবোধ করেন না এবং বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না।
সাক্ষাৎকারে আনুশকা বলেন, একবার এক পুরুষ বন্ধু তাকে একাধিক উপহার পাঠালে তিনি প্রথমে বিরক্ত হয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, বন্ধুদের সঙ্গে দেখা হলে তিনি খরচ ভাগ করে নেওয়া বা পালাক্রমে ব্যয় করার পক্ষপাতী। এমনকি কোনো উপহার পেলে তিনি তার মূল্য যাচাই করে প্রায় একই বা বেশি মূল্যের উপহার ফেরত দেওয়ার কথাও উল্লেখ করেন।
তবে তিনি জানান, এই নিয়মের ব্যতিক্রম কেবল তার স্বামী বিরাট কোহলি। স্বামীর কাছ থেকে উপহার গ্রহণে তার কোনো আপত্তি নেই।
প্রসঙ্গত, বর্তমানে বিরাট কোহলি ও দুই সন্তানকে নিয়ে লন্ডনে সময় কাটাচ্ছেন আনুশকা শর্মা। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছিল তার সর্বশেষ চলচ্চিত্র। এরপর থেকে বড় পর্দায় তাকে আর দেখা যায়নি। ফলে তিনি কবে আবার অভিনয়ে ফিরবেন, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে