আসিফ নজরুলের কাছে পাঁচ দফা দাবি পেশ ধর্ষণবিরোধী মঞ্চের
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছে মাগুরা ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন সাতদিনের মধ্যে জমা দেয়ার এবং ধর্ষণ ও নির্যাতন মামলার দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছে ধর্ষণবিরোধী মঞ্চ।
মঞ্চের প্রতিনিধিরা বুধবার (১২ মার্চ) দুপুরে সচিবালয়ে গিয়ে স্মারকলিপিটি জমা দেন।
এক মাসের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এ সময়কালে ভিকটিমের পরিবারের নিরাপত্তা নিশ্চিতেও সরকারের প্রতি আহ্বান জানান তারা।
প্রতিনিধিদলটি বিশেষ ধর্ষণবিরোধী ট্রাইব্যুনালের অধীনে সব ধর্ষণ মামলার বিচার এবং বিলম্ব ছাড়াই বিচার শুরু করে তিন কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠারও দাবি জানান।
এছাড়াও, তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টাকে জবাবদিহি করার দাবি জানান।
স্মারকলিপিতে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা সক্রিয়ভাবে মোকাবেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল’ গঠনের প্রস্তাব দেয়া হয়েছে।
এছাড়াও, তারা ধর্ষণ, যৌন নিপীড়ন এবং সাইবার বুলিং সম্পর্কিত বিদ্যমান আইন সংশোধন করে এই অপরাধগুলোর স্পষ্ট সংজ্ঞা প্রদানের দাবি জানান।
স্মারকলিপিতে সমাজে নারীর সমান মর্যাদা, ধর্ষণে লিঙ্গ-ভিত্তিক ক্ষমতা কাঠামোর ভূমিকা, ভুক্তভোগীকে দোষারোপের ক্ষতি, সম্মতির গুরুত্ব এবং অর্থনৈতিক উন্নয়নে নারীর অবদান তুলে ধরে আইনি ও সামাজিক আলোচনায় লিঙ্গ-ভিত্তিক ক্ষমতায়নের আখ্যান অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তায় জোর দেয়া হয়েছে।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, ধর্ষণ মামলা পরিচালনাকারী দায়রা আদালতে বিচারক বাড়ানো এবং অভিযুক্তদের পক্ষে দুর্নীতি ও পক্ষপাত রোধে পাবলিক প্রসিকিউটর (পিপি), কোর্ট সাব-ইন্সপেক্টর (সিএসআই) এবং তদন্তকারী কর্মকর্তাসহ (আইও) বিচারিক কর্মীদের জন্য উপযুক্ত বেতন স্কেল বাস্তবায়ন।
চিকিৎসা তদন্ত দলে যোগ্য কর্মীদের প্রয়োজনীয়তা এবং ভুক্তভোগীদের জন্য পারিবারিক নিরাপত্তা, পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্য সহায়তা দেয়ায়ও জোর দেন তারা।
রোববার (৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে প্ল্যাটফর্মটি গঠনের ঘোষণা দেন।
সোমবার (১০ মার্চ) রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে মশাল মিছিল এবং ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে পাঁচ দফা দাবি পেশ করেন মঞ্চের শিক্ষার্থীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে