নতুন করে সাবেক মন্ত্রী আনিসুল হক-ইনুসহ ৮ জনকে দেখানো হলো গ্রেপ্তার
শেখ হাসিনার সাবেক বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনুসহ আটজনকে জুলাই আন্দোলনের পৃথক ৪ মামলায় নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে আসামিদের উপস্থিত করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। এসব মামলায় সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেন দেন বিচারক।
আসামিরা হলেন-সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাবেক এমপি মো. সাদেক খান।
এর মধ্যে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। মোহাম্মদ থানাধীন শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া মোহাম্মদপুর থানার আরেক মামলায় জিয়াউল আহসানকে এবং নিউমার্কেট থানাধীন এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে