Views Bangladesh Logo

এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা

 VB  Desk

ভিবি ডেস্ক

এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা।

এমটব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১১ মার্চ ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ১ এপ্রিল থেকে দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান।

পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন এমটবের মহাসচিব ও অবসরপ্রাপ্ত পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার।

সভায় এমটবের সদস্য ও সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন- এরিকসনের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম, হুয়াওয়ে টেকনোলজিসের (বাংলাদেশ) প্রধান নির্বাহী কর্মকর্তা উ জি (জেসন), বাংলালিংকের সিসিআরএও তাইমুর রহমান, গ্রামীণফোনের সিসিএও তানভীর মোহাম্মদ, রবি আজিয়াটার সিসিআরও সাহেদ আলম এবং টেলিটকের সহকারী মহাব্যবস্থাপক লুৎফুল্লাহিল মজিদ।

জিয়াদ সাতারা বলেন, এমন এক সময়ে এমটবের দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়ে আমি অভিভূত, যখন মোবাইল টেলিযোগাযোগ খাত দেশের ডিজিটাল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই শিল্প দেশের প্রতিটি নাগরিকের সঙ্গে যুক্ত এবং আমরা একটি স্মার্ট ও টেকসই ডিজিটাল ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, নিয়ন্ত্রক সংস্থা এবং শিল্পের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা এই খাতের পূর্ণ সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে জনগণের ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদা পূরণ করা এবং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে উদ্ভাবন বিকশিত হতে পারে। আমরা সম্মিলিতভাবে সংযোগ ব্যবস্থার সম্প্রসারণ অব্যাহত রাখব এবং নিশ্চিত করব যে এই শিল্প দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অর্থপূর্ণ অবদান রাখছে।

এমটবের নবনির্বাচিত সভাপতি এবং পরিচালকদের নেতৃত্ব ও দক্ষতার ওপর সংগঠনটি পূর্ণ আস্থা রাখে। তাদের নেতৃত্বেই বাংলাদেশের মোবাইল টেলিযোগাযোগ খাতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে এই শিল্পের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা করছে এমটব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ