জাপা ও ১৪ দলকে ৩২ আসন ছাড়ল আওয়ামী লীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির-জাপা জন্য ২৬টি ও ১৪ দলের জন্য ৬টি আসন ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আওয়ামী লীগের জোটভুক্ত নির্বাচনের প্রার্থীদের তালিকা নিয়ে কথা বলার সময় এই তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
এর মধ্য দিয়ে শরিক দলের জন্য মোট ৩২টি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে আওয়ামী লীগ। যেসব আসনে সমঝোতা হয়েছে সেসব আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করে নেয়ার কাজ চলছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দলগুলোর মধ্যে আসন সমঝোতার বিষয়ে বিকেলেই স্পষ্ট সিদ্ধান্ত হবে জানিয়ে আসনের বণ্টনের বিষয়ে ধারনা দিতে অস্বীকৃতি জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগ নির্ভীক চিত্তে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, যে নির্বাচনে ২৮টি দল ও ২ হাজারের অধিক প্রার্থী অংশ নিচ্ছে সে নির্বাচনকে ভাগাভাগির নির্বাচন বলার সুযোগ নেই।
এর আগে নির্বাচনের পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। রোববার বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে