নদীরক্ষায় আইনের কঠোর প্রয়োগের আশ্বাস উপদেষ্টা রিজওয়ানার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের নদীগুলো রক্ষা ও অবৈধ দখলমুক্ত করতে সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবসের বিশেষ অনুষ্ঠানে এ সতর্কবার্তা দেন তিনি। রাজধানীর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রিভার ফাউন্ডেশন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নদীগুলো কেবল আমাদের প্রাকৃতিক সম্পদই নয়, আমাদের সংস্কৃতি ও জীবিকার সাথেও গভীরভাবে জড়িত। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে নদীগুলোকে দূষণ ও অবৈধ দখলদারিত্ব থেকে রক্ষা করতে হবে।’
মিশন সফল করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তায় জোর দিয়ে তিনি জানান, সরকার এ বিষয়ে সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণ করবে।
অনুষ্ঠানে নদী সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনজনকে ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৪’-এ সম্মানিত করা হয়। এ বছর পুরস্কার পেয়েছেন স্বতন্ত্র ক্যাটাগরিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, গবেষণা বিভাগে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ এবং সাংবাদিকতা বিভাগে প্রথম আলোর বিশেষ প্রতিবেদক ইফতেখার মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। আলোচনায় অংশ নেন সুইডিশ দূতাবাসের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রথম সচিব নাইওকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম, প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুর রব মোল্লা, হালদা নদী গবেষণা ল্যাবরেটরির সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. মঞ্জুরুল কিবরিয়া, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি প্রকৌশলী মো. হাবিবুর রহমান রহমান, পরিবেশ ও নদী সংরক্ষণ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচএম সুমন, কর্ণফুলী সংরক্ষণ পরিষদের সচিব শেখ দিদারুল ইসলাম চৌধুরী, বিআইডব্লিউটিএর পরিচালক একেএম আরিফ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশের নদ-নদীর ওপর তথ্যচিত্রও প্রদর্শিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে