নগদের নতুন সিইও আবু তালেব
মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন ডাক অধিদপ্তরের পরিচালক আবু তালেব।
বৃহস্পতিবার (২৯ মে) তাকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে দায়িত্ব ছেড়েছেন ভারপ্রাপ্ত সিইও শ্যামল বি দাস। নগদের মালিকানা ও পরিচালনার দায়িত্ব ডাক বিভাগের কাছে হস্তান্তরও করেছেন তিনি।
শ্যামল দাস জানান, কয়েক মাসে তার দায়িত্ব অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়েছে। কর্তৃপক্ষ অনুপস্থিত থাকায় অবৈধ আদেশ মানতে বাধ্য হন তিনি।
নগদ আগে ছিল ডাক বিভাগের লাইসেন্সপ্রাপ্ত ভেন্ডর প্রতিষ্ঠান। গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তী প্রশাসন নগদে প্রশাসক নিয়োগ দেয়। নিরীক্ষায় অনিয়ম, অর্থপাচার, জালিয়াতি ও দুই হাজার ৩৫৬ কোটি টাকার হিসাব গরমিল ধরা পড়ে। এ ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে নিয়োগ পেয়ে নগদের ব্যবস্থাপনা কমিটির সাথে সভা করেছেন নতুন সিইও আবু তালেব। নগদের ডেপুটি সিইও মো. মুয়িয তাকে সভায় স্বাগত জানান।
সভায় নতুন ব্যবস্থাপনায় জুয়া, জালিয়াতি, অনলাইন প্রতারণা ও মানিলন্ডারিং বন্ধে সরকারের নির্দেশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন আবু তালেব। ভুয়া হিসাব বন্ধ, এনআইডি জালিয়াতি রোধ ও প্রতারক এজেন্ট নিয়োগ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ারও আশ্বাসও দেন তিনি।
নগদের কোনো কর্মীকে চাকরিচ্যুত না করা ও ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের নিশ্চয়তাও দেয়া হয় সভায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে