ফরিদপুরে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
ফরিদপুরের সালথা উপজেলায় আম কুড়াতে বের হওয়া এক মাদ্রাসাছাত্রীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণচেষ্টা করার অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় মুদি দোকানদার মো. খায়ের দাই (৩৫) নয় বছরের ওই শিশুটির পথ আটকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক একটি বাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে যৌন নিপীড়নের চেষ্টা চালায়।
তবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে সময়মতো এগিয়ে আসলে বড় ধরনের ক্ষতি থেকে শিশুটি রক্ষা পায়। ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তকে আটক করলেও সে পরে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সালথা থানা পুলিশ ।
এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে