প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার পাঁচজন উপদেষ্টাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।
প্রতিমন্ত্রী পদমর্যাদার তিন উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মাহদী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান—এই চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হলেও আজ আটজনের দপ্তর চূড়ান্ত হলো। সরকারের নীতি-নির্ধারণী মহল মনে করছেন, নতুন এ দপ্তর বণ্টনের ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে। বাকি দুই উপদেষ্টার দায়িত্ব বিষয়ে পরবর্তীতে জানানো হতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে