জাতীয় পার্টির একযোগে ৬৭১ নেতাকর্মীর পদত্যাগ
জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান ও মহাসচিবের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন দলটির ৬৭১ জন নেতাকর্মী। এরা ঢাকা মহানগরের ১০টি থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এই গণপদত্যাগ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য মো: শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়সহ ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান। তিনি বলেন, ‘আমরা জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির ধ্বংস প্রত্যক্ষ করতে চাই না। তাই আজ আমরা দল থেকে গণপদত্যাগের ঘোষণা দিচ্ছি।’
জাহাঙ্গীর আলম পাঠান আরও বলেন, পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব ৩০০ আসন থেকে প্রার্থী মনোনীত করার পর মাত্র ২৬টি আসনে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়ার বিনিময়ে গোটা পার্টিকেই বিক্রি করে দিয়েছেন। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চরম ভরাডুবি হয়েছে। আর সমঝোতা করে চেয়ারম্যান ও মহাসচিবসহ মাত্র ১১ জন প্রার্থী নির্বাচনে এমপি হয়ে এসেছেন।
সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে দলের নেতারা বলেন, দলে সত্য কথা বলতে নিরুৎসাহিত করা হয়। যারা এমন করে তাদের বহিষ্কারের মুখোমুখি হতে হয়।
জাপা নেতারা আরও বলেন, তারা আলাদা হওয়ার পথ বেছে নিয়ে দলটির ভিত্তি পুনর্গঠনের লক্ষ্য নিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে