নেপালে ৬. ১ মাত্রার ভূমিকম্প অনুভূত
নেপালে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার দেশটির রাজধানী কাঠমান্ডুতে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পের ফলে কোনো মৃত্যু বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল ভূমিকম্প মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার জানায়, রবিবার সকাল ৭টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ধাদিং জেলায়। বাগমতি ও গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে।
জানা গেছে, নেপালে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। কারণ তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলিত স্থানের উপর অবস্থিত দেশটি। প্রতি শতাব্দীতে প্লেট দুটি একে-অপরের কাছে দুই মিটার এগিয়ে যায়, যার ফলে চাপ সৃষ্টি হয়। পরবর্তীতে তা ভূমিকম্পের আকারে নির্গত হয়।
এর আগে ১৬ অক্টোবর নেপালের সুদুরপাশ্চিম প্রদেশে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তার আগে ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে প্রায় ৯ হাজার লোক মারা যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে