Views Bangladesh Logo

রাজধানীর ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৬

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর ধানমন্ডি এলাকায় র‍্যাব পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ফারহাদ বিন মোশাররফ (৩৩), ইয়াসিন হাসান (২২), মোবাসের আহমেদ (২৩), ওয়াকিল মাহমুদ (২৬), আব্দুল্লাহ (৩২) ও সুমন (২৯)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

ডিসি মাসুদ আলম জানান, রাজধানীর ধানমন্ডিতে অলংকার নিকেতন জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের একটি ভবন রয়েছে। ওই ভবনের নিচতলা, তৃতীয় ও চতুর্থ তলায় এসএম সোর্সিং নামে একটি অফিস রয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে তার কনসালটেন্সি অফিস এবং পঞ্চম ও ষষ্ঠ তলায় রয়েছে তার ডুপ্লেক্স ফ্ল্যাট।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (২৬ মার্চ ) ভোররাতে অভিযুক্ত ডাকাতরা তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারে করে তার বাড়ির সামনে এসে নিজেদেরকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে গেট খোলার জন্য নিরাপত্তাকর্মীদের চাপ দেয় এবং জানায় তাদের সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট আছেন। ডাকাতদের কারও কারও কোমরে ‘র‍্যাব’ লেখা ছিল।

নিরাপত্তাকর্মীরা সকাল পর্যন্ত অপেক্ষা করতে বললে ডাকাতরা তাদের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর কয়েকজন গেট টপকে ভেতরে প্রবেশ করে এবং নিরাপত্তারক্ষী, কেয়ারটেকার ও চালককে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর ডাকাত দলটি নিচতলার অফিসে ঢুকে সেখানে থাকা পিয়নকে মারধর করে এবং তার কাছ থেকে ৪৫ হাজার ১০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা তৃতীয় তলার এসএম সোর্সিং অফিসের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে।

তাদের গেট ভাঙার শব্দ শুনে চতুর্থ তলার তিনজন অফিস সহকারী নিচে নামলে ডাকাতরা তাদেরকেও আটকে ফেলে মারধর করে এবং অফিস ও বাড়ির চাবি দিতে ভয় দেখায়। পরে তারা জোরপূর্বক চাবি নিয়ে তৃতীয় তলার অফিসের ড্রয়ার খুলে ২২ লাখ টাকা লুট করে এবং আসবাবপত্র ভাঙচুর করে। একইভাবে চতুর্থ তলার অফিসেও ঢুকে আলমারি ভেঙে ১৩ লাখ টাকা লুট করে
ডাকাতরা।

এরপর ডাকাতরা পঞ্চম ও ষষ্ঠ তলার ডুপ্লেক্স ফ্ল্যাটে ঢুকে এম এ হান্নানের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণের চেইন ও দুলসহ আনুমানিক ২ কেজি ৫০০ গ্রাম স্বর্ণ ( যার মূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা) লুট করে।

ডাকাতরা হান্নান আজাদকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করলে ধানমন্ডি থানার একটি টহল দল ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। এ সময় ডাকাতরা পুলিশের ওপর ছেনি ও রেঞ্জ দিয়ে হামলা চালালে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় হান্নান আজাদের ভাতিজা ও ম্যানেজার তৌহিদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে বুধবার ধানমন্ডি থানায় মামলা করা হয়। মামলায় গ্রেপ্তারকৃতদের পাশাপাশি পলাতক আটজন ও ১০-১২ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়। এরপর প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার সকালে হাজারীবাগ এলাকা থেকে ডাকাত দলের সদস্য আব্দুল্লাহ ও সুমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি করত। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ