তোপের মুখে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ৬ কর্মকর্তার ‘পদত্যাগ’
বাংলাদেশ ব্যাংকের একদল কর্মকর্তা ও কর্মচারীর বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের (বিএএফআইইউ) প্রধান।
বিক্ষোভের মুখে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করা হয়। বাকিরা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (বিআরপিডি) আব্দুল মান্নান জানান, আন্দোলন চলমান রয়েছে। গভর্নর ও দায়িত্বপ্রাপ্ত কেউ না থাকায় দাপ্তরিকভাবে পদত্যাগ প্রক্রিয়াধীন রয়েছে।
মান্নান আরও জানান, ডেপুটি গভর্নর-২ নুরুন্নাহারের বিক্ষোভকারীদের ইতিবাচক মনোভাব রয়েছে। তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের রুদ্ধদ্বার বৈঠক চলছে। এছাড়াও বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসও লিখিতভাবে পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা অন্য কর্মকর্তারা হলেন— খুরশীদ আলম, ড. হাবিবুর রহমান, নুরুন্নাহার বেগম ও পলিসি উপদেষ্টা আবু নাসের। আরও কয়েকজন কর্মকর্তা মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বিক্ষুব্ধ কর্মকর্তা–কর্মচারীরা নির্বাহী পরিচালক ১ জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চার ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে ‘পদত্যাগ’ করেছেন এবং যারা কার্যালয়ে উপস্থিত ছিলেন, তারা ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন।
এ সময় সেনাসদস্যরা তাদের নিরাপত্তা দেন। তবে ঘটনার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে