Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১১৯৪ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ১৯৪ জন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৬০ জন মারা গেছে।

সোমবার (১১ নভেম্বর) অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭৯ জন এবং দক্ষিণ সিটিতে ১৪৮ জন, খুলনা বিভাগে ১৪০ জন, রাজশাহী বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, সিলেট বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে সারা দেশে ১ হাজার ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৬৯ হাজার ৮৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৩ হাজার ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যায় ১ হাজার ৭০৫ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ