রাঙামাটিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৫
রাঙামাটির কাউখালী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা থেকে রাঙামাটিগামী রবি এক্সপ্রেসের সেন্টমার্টিন হুন্ডাই এসি বাসটি কাউখালী উপজেলার বেতবুনিয়ার মোনারটেক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় চালকসহ পাঁচজন যাত্রী আহত হন।
এ ঘটনার পর রাবার বাগান চেকপোস্টের পুলিশ এবং স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, খাদে পড়া বাসটি উদ্ধারের জন্য ক্রেন আনা হচ্ছে। বর্তমানে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন বলেন, “আজ সকালে চট্টগ্রাম যাওয়ার পথে আমি দুর্ঘটনাকবলিত বাসটি দেখতে পাই এবং তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধারের ব্যবস্থা করি। আহতদের অবস্থা গুরুতর নয়।”
রাঙামাটির পাহাড়ি সড়কে চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে