সাবেক রেলমন্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে ‘দুর্নীতির’ মামলা
‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন’ ও ‘সন্দেহজনক লেনদেনের’ অভিযোগে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং তার স্ত্রী সৈয়দা হাকিম ও ছেলে আশিক মাহমুদ মিতুলের বিরুদ্ধে পৃথক তিনটি ‘দুর্নীতির’ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে হয়েছে আরও দুটি মামলা।
দুদকের মহাপরিচালক আখতার হোসেন গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মামলাগুলো হয়।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, মন্ত্রী ও সংসদ সদস্য থাকাকালে জিল্লুল হাকিমের বিরুদ্ধে তার জ্ঞাত আয়ের উৎসের তুলনায় ২৪ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৮০৫ টাকার অবৈধ সম্পদ অর্জনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। প্রথম মামলাটিতে অভিযোগ করা হয়েছে, তার স্বার্থসংশ্লিষ্ট ১৯টি ব্যাংক হিসাবে ২৭৮ কোটি ৮১ লাখ ৭ হাজার ৮৮৮ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। তিনি ১৪৫ কোটি ৪৪ লাখ টাকা জমা দিয়েছেন এবং ১৩৩ কোটি ৩৬ লাখ কোটি টাকা উত্তোলন করেছেন।
দ্বিতীয় মামলায় জিল্লুলের স্ত্রী সৈয়দা হাকিমের বিরুদ্ধে স্বামীর সহায়তায় চার কোটি ২৭ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়, যা তার বৈধ আয় দিয়ে ব্যাখ্যা করা যায়নি। তিনি ছয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ কোটি ২৪ লাখ ৩১ হাজার ৯৮৬ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন বলে অভিযোগ রয়েছে।
তৃতীয় মামলায় অভিযোগ করা হয়েছে, জিল্লুল হাকিমের ছেলে আশিক মাহমুদ মিতুলের বিরুদ্ধে বাবার সহায়তায় দুই কোটি ৬২ লাখ ৩২ হাজার ৬৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তার বৈধ আয়ের পরিমাণ ওই টাকা কি না ব্যাখ্যা করা যায়নি। আশিক তার একমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি ৫০ লাখ টাকার লেনদেন করেন।
অন্যদিকে সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের বিরুদ্ধে ১৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লাখ ৭১ হাজার ৬৪৬ লাখ মার্কিন ডলার ও ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকার লেনদেনের অভিযোগে চতুর্থ মামলাটি করেছে দুদক। তিনি অনিয়ম–দুর্নীতির মাধ্যমে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৫৭৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন বলে অভিযোগ রয়েছে।
ফাহমির স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পঞ্চম মামলাটিতে বলা হয়েছে, তিনি এক কোটি দুই লাখ ৯৭ হাজার ৪৬০ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তার তিনটি ব্যাংক হিসাবে তিন কোটি ১৭ লাখ ৮৯ হাজার ১৭২ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে