শাহজালাল বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাব ও পুলিশ পরিচয়ে মালামাল ছিনিয়ে নিয়ে পালানোর সময় চারজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (২ ডিসেম্বর) রাতে বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-সার্জেন্ট ইকবাল, মো. মাকসুদ, পুসিদার হোসেন ও আসাদুল হক।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সার্জেন্ট ইকবাল ও মো. মাকসুদ সেনাবাহিনীর সদস্য। তারা দুজনই বর্তমানে র্যাবে কর্মরত বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া পুসিদার হোসেন বর্তমানে ঢাকা মহানগর পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। এদিকে গ্রেপ্তার আসাদুল হক নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন। তিনি বলেন, সোমবার রাত ৮টার দিকে বিমানবন্দর এলাকায় মো. নাজমুল নামে এক ব্যক্তির কাছ থেকে মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে কয়েকজন। তখন তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে