সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার
সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ছয় নারীসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। এরা সকলেই খুলনার কয়রা এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পশ্চিম সুন্দরবনের কুখ্যাত বনদস্যু কারিম শরীফ বাহিনীর সদস্যরা মুক্তিপণের জন্য ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে অপহরণ করেছিল। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মংলা ও নালিয়ান কোস্ট গার্ডের সদস্যরা সুন্দরবনের কারকারি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালায়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ফাঁকা গুলি ছুড়ে দ্রুত জঙ্গলের গভীরে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে ৬ নারীসহ ৩৩ জেলে এবং ১৬টি নৌকা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড আরও জানায়, উদ্ধার হওয়া জেলেরা বুধবার সকালে খুলনার কয়রা এলাকা থেকে মাছ ও কাঁকড়া সংগ্রহের জন্য সুন্দরবনের গভীরে গিয়েছিল। সেখানে কারিম শরীফের বাহিনী তাদের অপহরণ করে এবং প্রত্যেকের মুক্তিপণ বাবদ ১০ হাজার টাকা দাবি করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে