কাশ্মীরে নৌকায় আগুনে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু
ভারতের কাশ্মীরে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। শ্রীনগরের ডাল লেকে নৌকায় আগুন লেগে তাদের মৃত্যু হয়। স্থানীয় সময় শনিবার (১১ নভেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউজবোটে প্রথমে আগুন লাগে। দ্রুতই পাশের নৌকাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। কমপক্ষে পাঁচটি হাউজবোট পুড়ে গেছে। আগুনে কয়েকটি নৌকা ভস্মীভূত হওয়ার কয়েক ঘণ্টা পর লাশগুলো উদ্ধার করা হয়। ওই তিন বাংলাদেশি সাফিনা নামে একটি হাউজবোটে অবস্থান করছিলেন। নৌকাটি পুরোপুরি পুড়ে গেছে। আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে