হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৩১
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮০ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে ও হামের উপসর্গে মোট ৬৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৩৯ জন।
একই সময়ে দেশে পরীক্ষায় নিশ্চিত হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৩ জনে। আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা জনস্বাস্থ্যের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি মোকাবিলায় সার্বিক পর্যবেক্ষণ বাড়ানোর পাশাপাশি চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্তদের দ্রুত শনাক্ত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় রোগটির সংক্রমণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে