সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) সকালে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা দিলে বাসের হেলপার আনোয়ারুল ইসলাম (২৬) মারা যান। এছাড়া রোববার গভীর রাতে ব্যাংক টাউন এলাকায় একটি নিয়ন্ত্রণহীন প্রাইভেটকারের ধাক্কায় নেত্রকোনার হৃদয় চন্দ্র দাশ (২০) ও অর্চণা রানী (৩০) নিহত হন।
হাইওয়ে পুলিশ জানায়, রোববার (২৭ এপ্রিল) রাতে নওগাঁ থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে নাবিল পরিবহনের একটি বাস। বাসটি সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপরে ওঠে পড়ে। এ সময় হেলপার আনোয়ারুল ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাসটি জব্দ করা হয়।
এছাড়া একইদিনে রাত সাড়ে ১১টার দিকে রাস্তা পারাপারের জন্য ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকামুখী লেনে দাঁড়িয়েছিলেন হৃদয় ও অর্চণা। এ সময় দ্রুতগতির প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, রাতে দ্রুতগতির একটি প্রাইভেটকারের চাপায় নারীসহ দুইজন ও সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নাবিল পরিবহনের হেলপার মারা যায়। দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে