Views Bangladesh Logo

নাটোর হাসপাতালে শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ পরিচ্ছন্নতাকর্মী

নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের অভিযোগে তিন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন- অমিত (২৩), অনিল (২৩) ও প্রাঙ্গন (২৪)। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, অসুস্থ কন্যাশিশুকে চার দিন আগে নাটোরের ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়। গত ৭ জুন রাত ১০টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে হাসপাতালের আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মী অমিত ওই নারীকে ডেকে নিয়ে যান।

অভিযোগ অনুযায়ী, পরে হাসপাতালের ষষ্ঠ তলার সিঁড়িঘরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ সময় অমিতের সহযোগী অনিল ও প্রাঙ্গন ঘটনার ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে পুনরায় ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সূত্র জানায়, রাত প্রায় ২টার দিকে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে বিষয়টি সন্দেহজনক মনে হলে ষষ্ঠ তলায় যান দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা। সেখানে গিয়ে তারা অভিযুক্তদের হাতেনাতে আটক করেন। পরে তাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর হাসপাতালের রোগী, স্বজন এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ অভিযুক্ত তিন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ