কুমিল্লায় কেএফসি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
কুমিল্লা নগরীতে কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
গত সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কেএফসি ভাঙচুরের পর কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয় বিভিন্ন সূত্রের সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে। তবে ভাঙচুরের ঘটনা ২৪ ঘণ্টা পার না হতেই পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকার তোফায়েল আহমেদের ছেলে শাফায়াত (২৭), নগরীর কাপ্তানবাজার এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. জিহাদ (২১) এবং শাসনগাছা এলাকার শামসুল আলমের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক আসলাম (২১)।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক জানান, সোমবার আকস্মিক কেএফসি ভাঙচুরের পর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ও দিকনির্দেশনায় কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ, সোশ্যাল মিডিয়া ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শুরু করে। আজ (মঙ্গলবার) দুপুরে কেএফসি ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকি অপরাধীদের গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এসব ভাঙচুরের বিষয় বরদাশত করা হবে না। যারাই এসব কাজে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে