শবেবরাতের দিনই দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু
ইতিহাসে এবারই প্রথম শবেবরাতের রজনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। আজ দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের (সাদ কান্ধলভীপন্থি) বিশ্ব ইজতেমা শুরু হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরআগে বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। বিশেষ করে বিপুলসংখ্যক বিদেশি মুসল্লি বৃহস্পতিবার রাত থেকে ময়দানে এসে অবস্থান নেন।
আজ ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করা হবে। এতে গাজীপুর ও আশপাশের এলাকার লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন।
এদিকে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি শুক্রবার রাতে টঙ্গীর তুরাগতীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন বলে জানা গেছে। পবিত্র ও মর্যাদাপূর্ণ এই রজনীতে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ায় মুসল্লিদের মাঝে বাড়তি এক আবেগ কাজ করছে।
ঢাকা ও গাজীপুরের আশপাশের লাখো মুসল্লি মাগরিবের নামাজের পর থেকে ইজতেমার ময়দানে অবস্থান করবেন। বিশ্ব ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে