Views Bangladesh Logo

বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। রবিবার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এখন পর্যন্ত ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে জানিয়ে ইসি সচিব বলেন, ৭টি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। অনিয়মের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। এ ছাড়াও আমাদের দুইজন প্রিজাইডিং অফিসার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ইসি জানায়, বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।

এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারাদেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ