২৪ ঘণ্টায় ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত, ডুবছে কক্সবাজার
অতিভারী বৃষ্টিতে তলিয়ে আছে কক্সবাজার। গত ২৪ ঘণ্টায় জেলায় ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত এই পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান এ তথ্য জানান।
তিনি জানান, মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের পরিমান তুলনামূলকভাবে গতদিনের চেয়ে কম হলেও তা অতিভারী বৃষ্টিপাত। এই বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আব্দুল হান্নান জানান, রাস্তাঘাট, নালা ইত্যাদি জলমগ্ন অবস্থায় আছে তাই এখন অল্প বৃষ্টিপাতেও বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে। গত ২-৩ দিনে অতিভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের প্রবনতা আরও বৃদ্ধি পেয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসন অফিসের হিসাব অনুযায়ী, শুক্রবার জেলায় পাহাড় ধসে মোট সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন বাংলাদেশি ও তিনজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। নিরাপত্তার স্বার্থে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নেয়ার কার্যক্রম চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে