মঙ্গল শোভাযাত্রায় গাইবেন ২০০ জন ব্যান্ড তারকা: সংস্কৃতি উপদেষ্টা
বাংলাদেশসহ সারা বিশ্বের জন্য শান্তি কামনা করে এবারের বাংলা নববর্ষ উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, বিশ্বের একটা দেশ ফিলিস্তিন। সেখানে যেভাবে গণহত্যা চলছে, এই পরিস্থিতিতে শুধুমাত্র দেশের জন্য শুভ কামনা করে নববর্ষ উদযাপন করতে পারি না। তাই আমরা সারা বিশ্বের শান্তি কামনা করে এবারের নববর্ষ বা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করব।
তিনি বলেন, এবারের মঙ্গল শোভাযাত্রায় ২০০ জন বাংলাদেশ ব্যান্ড তারকা উপস্থিত থাকবে। সেখানে ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ এ গান গেয়ে শোভাযাত্রা শুরু হবে। আশা করছি ৫০০ মিউজিশিয়ান এতে যোগ দিবেন।
ফারুকী বলেন, সারা দেশে নানাবয়সী মিউজিশিয়ানরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা তাদের গিটার ও একটি প্যালেস্টাইনের পতাকা নিয়ে নববর্ষে সারা বিশ্বের জন্য শান্তি কামনা করে শোভাযাত্রায় অংশ নিতে পারেন। এ ছাড়াও শোভাযাত্রায় যারা মিউজিশিয়ান আছেন, তাদের অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে