মেরাদিয়ায় বাসে অগ্নিসংযোগ, দগ্ধ ২
ঢাকার মেরাদিয়ায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন দগ্ধ হয়েছেন। পুলিশ এ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা।
আহতরা হলেন-রমজান পরিবহনের চালক মো. সবুজ ও অছিম পরিবহনের হেলপার সাব্বির হোসেন। তাদের মধ্যে সবুজের শরীরের ২৮ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্রুন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়েছে। শ্বাসতন্ত্রে পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ওসি মনির হোসেন মোল্লা জানান, দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রবিবার সকালে অগ্নিসংযোগকারীরা অছিম পরিবহনের একটি বাসে আগুন দেয়। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, সাব্বিরের পায়ে সামান্য পোড়া আঘাতের কারণে তাকে নিটোরে নিয়ে যাওয়া হয়েছে।
তিনদিনের দেশব্যাপী অবরোধের পর আজ সকাল থেকে সারাদেশে বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় এ অবরোধ শেষ হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে