Views Bangladesh Logo

কাশ্মীর হামলায় দুই পাকিস্তানি সন্দেহভাজন, দাবি ভারতীয় পুলিশের

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িত চার বন্দুকধারীর মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে জেলা পুলিশ। তাদের নোটিশে বলা হয়েছে, তিনজনের মধ্যে দুজনই পাকিস্তানি নাগরিক। অন্যজন অনন্তনাগের স্থানীয় বাসিন্দা।

বিবিসি জানায়, তবে, পুলিশের নোটিশে চতুর্থ সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি।

মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগ্রামের বৈসরণে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত এবং ১০ জন আহত হন। ভারত এই হামলায় পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এটিকে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে খারাপ আক্রমণ বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন তিনি।

বুধবার (২৩ এপ্রিল) ‘সীমান্ত সন্ত্রাসবাদ’ সমর্থনের অভিযোগে পাকিস্তানের জলবণ্টন চুক্তি স্থগিত এবং দুই দেশের মধ্যে প্রধান স্থলসীমান্ত বন্ধ করে দেয় ভারত। পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার, ভারতে থাকা কিছু পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল এবং তাদের দুদিনের মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেয়া হয়।

ফলে সন্ত্রাসী হামলা ঘিরে দুই প্রতিবেশি দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

পুলিশও বলছে, সন্দেহভাজন তিনজনই পাকিস্তানি সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য। যদিও তাদের কেউই এখনও অভিযোগের বিষয়ে মন্তব্য করেননি। তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

পুলিশ সূত্র জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কাশ্মীরের এক হাজার ৫০০ জনকে আটক করা হয়েছে। সন্দেহভাজনদের সম্পর্কে তথ্য প্রদানে ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ। বলেছে, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ