ঘন কুয়াশায় ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ২
ঘন কুয়াশার কারণে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শনিবার (৮ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় নাঈমা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘন কুয়াশার মধ্যে বালু বোঝাই একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন।
এই দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে গুরুতর আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপলার বাজার তদন্তকেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার জানান, নিহতদের একজনের বয়স আনুমানিক ২৫ এবং অন্যজনের ৩৫ বছর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি তিনি।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার সময় সড়কে ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা খুব কম ছিল বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে