টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় উল্টে গেল বিমান, আহত ১৮
কানাডার টরন্টো পিয়ারসন বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ার লাইনের একটি বিমান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিমানে থাকা ৮০ জনের মধ্যে ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মিনিয়াপোলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা এই ফ্লাইটির তিনজন গুরুতর আহত হয়েছেন। যার মধ্যে একজন শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মার্কিন বিমান সংস্থা ডেল্টা জানিয়েছে, সোমবার তুষারঝড় পরবর্তী ঝড়ো আবহাওয়ার মধ্যে অবতরণের সময় তাদের একটি সিআরজে-৯০০ বিমান দুর্ঘটনার শিকার হয়। বিমানে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। কানাডার বম্বার্ডিয়ার নির্মিত এবং জিই অ্যারোস্পেস ইঞ্জিনচালিত ১৬ বছর বয়সী এই বিমানটি সর্বোচ্চ ৯০ জন যাত্রী বহন করতে পারে।
কানাডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তারা এ বিষয়ে তদন্ত করবে।
দুর্ঘটনার পরে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন ওই ফ্লাইটের যাত্রী জন নেলসন। সেই ভিডিওতে দেখা যায়, একটি ফায়ার ইঞ্জিন উল্টে থাকা বিমানটির ওপর পানি ছিটাচ্ছে।
পরে তিনি বার্তা সংস্থা সিএনএনকে জানান, অবতরণের আগে কোনো অস্বাভাবিকতার ইঙ্গিত পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে