১২ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
বিভিন্ন পদে দায়িত্বরত ১২ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই ১২ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির জন্য সুপারিশ করে সুপিরিয়র সিলেকশন বোর্ড। এই সুপারিশ অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-চলতি দায়িত্বে থাকা অ্যাডিশনাল আইজি মোহাম্মদ গোলাম রসুল, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. আকরাম হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, ঢাকা সিআইডির ডিআইজি গাজী জসিম উদ্দিন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) খন্দকার রফিকুল ইসলাম, পিবিআইর অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাত উল্লাহ ও রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি সরদার নুরুল আমিন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যোগদানপত্র জমা দেবেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। জনস্বার্থে জারি করা এ আদেশ কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে