চলছে দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ, বেড়েছে যানবাহন
সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দশম দফায় বিএনপিসহ সমমনা বিভিন্ন দল ও জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে এই অবরোধ শুরু হয়। চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।
এদিকে, অবরোধের প্রথম দিনে সকাল থেকে রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা। এর পাশাপাশি বেড়েছে মানুষের উপস্থিতিও।
অন্যদিকে, অবরোধ চলাকালে নাশকতা ঠেকাতে জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ করতে না পারার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল, দ্বিতীয় দফায় ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ, তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর, চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর এবং পঞ্চম দফায় ১৫ ও ১৬ নভেম্বর অবরোধ ঘোষণা করা হয়। এরপর ষষ্ঠ দফায় ১৯ ও ২০ নভেম্বর এবং ২২ ও ২৩ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতাল, সপ্তম দফায় ২৬ নভেম্বর অবরোধ এবং ২৭ নভেম্বর হরতাল কর্মসূচি দেওয়া হয়। অষ্টম দফায় ২৯ ও ৩০ নভেম্বর ফের ৪৮ ঘণ্টার অবরোধ এবং নবম দফায় ৩ ও ৪ ডিসেম্বর অবরোধের ডাক দেয় বিএনপিসহ সমমনা দলগুলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে