রাজধানীর মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন
রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের কাছে জাপান গার্ডেন সিটির বিপরীতে একটি ১০ তলা ভবনের শীর্ষতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে ভবনটির ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটকে ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়। এর মধ্যে দুটি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, সন্ধ্যার পর সড়কে তীব্র যানজটের কারণে অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছাতে ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে বেশ বেগ পেতে হয়েছে। দুটি ইউনিট দ্রুত পৌঁছাতে পারলেও বাকি দুটি ইউনিট এখনো পথে রয়েছে।
তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো বিবরণ এখনও জানা যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে