গাজায় প্রতিদিন অন্তত ১০০ শিশু হতাহত হচ্ছে: জাতিসংঘ
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় প্রতিদিন অন্তত ১০০ ফিলিস্তিনি শিশু হতাহতের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ প্রধান ফিলিপ লাজারিনি।
শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় আরও অন্তত ২৮৭ জন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫০ হাজার ৬০৯ জন। আহত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৬৩ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, সেখানে মোট ৬১ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কারণ, যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারাও নিহত হয়েছেন বলে ধরে নেয়া হয়েছে।
ফিলিপ লাজারিনি বলেন, এই পরিস্থিতি অত্যন্ত হৃদয়বিদারক। কোনো কিছুর মাধ্যমেই শিশুদের হত্যার যৌক্তিকতা দেখানো যায় না।
ইউনিসেফের তথ্য উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাজারিনি বলেন, যুদ্ধবিরতির পর হামলা শুরু হওয়ার পর থেকে প্রতিদিন অন্তত ১০০ শিশু নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, এই যুদ্ধ শিশুদের নয়, তবু তাদের জীবন অকালে থেমে যাচ্ছে। গাজার শিশুদের রক্ষায় এখনই উদ্যোগ নেয়া জরুরি। দেড় বছর আগে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার শিশু নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই বছরের শুরুর দিকে স্বল্প সময়ের যুদ্ধবিরতির ফলে গাজার শিশুদের বেঁচে থাকার, কিছুটা হলেও শৈশব উপভোগের সুযোগ মিলেছিল; কিন্তু যুদ্ধ ফের শুরুর পর সেই আশাটুকুও কেড়ে নেয়া হয়েছে। গাজা এখন শিশুদের জন্য ‘অযোগ্য ভূখণ্ডে’ পরিণত হয়েছে। এটা আমাদের সামষ্টিক মানবতার ওপর এক গভীর কলঙ্ক। পৃথিবীর কোনো প্রান্তেই শিশু হত্যা গ্রহণযোগ্য নয়। এখনই যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করতে হবে।
১৫ মাসেরও বেশি সময় ধরে টানা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল; কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় হামলা চালায় দখলদার দেশটি। দ্বিতীয় দফার এ অভিযানে গত ১৫ দিনে গাজায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল।
এদিকে, সম্প্রতি সিরিয়ায়ও হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন সামরিক স্থাপনায় এসব হামলা চালাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে সেখানে ইসরায়েলকে সংঘাত পরিহারের আহ্বান জানিয়েছে তুরস্ক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে