Views Bangladesh Logo

রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

রাজশাহীর বাঘায় সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি ও ভূমি দখল এবং প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে মো. আলতাফ আলী (৫২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘার জোতরঘু গ্রামের শ্রী রূপ সনাতন দোবে (৫০) গত ২ আগস্ট ভ্রমণের উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ ভারতে যান। ভারতে অবস্থানকালীন ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে তিনি জানতে পারেন তার কাকীমা রনজু দোবেকে থাকতে দেওয়া বাড়িতে অভিযুক্ত মো. আলতাফ আলী অনধিকার প্রবেশ করে শয়নঘরে থাকা স্টিলের বাক্সের তালা ভেঙে ৪৬ হাজার টাকা লুট করে। এরপর দুর্বৃত্তরা তার কাকীমাকে কিল-ঘুষিসহ বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে।

তাছাড়া তাদের শয়নঘর সংলগ্ন মন্দিরে থাকা প্রতিমা ও তুলশীবেদি ভাঙচুর করে ধর্মীয় উপাসনালয় অপবিত্র করে। এরপর অভিযুক্ত মো. আলতাফ আলী শ্রী রূপ সনাতন দোবের বসতবাড়িসহ তৎসংলগ্ন ভূমি দখল করে নেয়। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তারের জন্য বাঘার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ বাঘার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পরিচালনা মঙ্গলবার রাতে আলতাফ আলীকে রাজশাহীর আড়ানি বাজার থেকে গ্রেপ্তার করে। এ ঘটনার সাথে সম্পৃক্ত অপরাপর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে বাঘা থানা পুলিশ।

পরবর্তীতে শ্রী রূপ সনাতন দোবের বেদখল হয়ে যাওয়া বাড়ি ও ভূমি পুনরুদ্ধার করে তার কাকীমা রনজু দোবেকে বুঝিয়ে দেয় বাঘা থানা পুলিশ।

এ ঘটনায় ৩ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও ৫/৬-কে আসামি করে রাজশাহী জেলার বাঘা থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে। আলতাফ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ